বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি



আমদাবাদ : ভয়াবহ অগ্নিকাণ্ড । প্রাণ বাঁচাতে মানুষের হাহাকার। আগুন থেকে রক্ষা পেতে সুউচ্চ বহুতলের জানলার বাইরে ঝুললেন কেউ। কেউ আবার বারান্দায় দাঁড়িয়ে হাহাকার করলেন। বিধ্বংসী আগুন গ্রাস করল আমদাবাদের সুউচ্চ বহুতলকে। সোমবার রাত ৯টা নাগাদ থালতেজের ম্যাগনেট কর্পোরেট পার্কে অবস্থিত আইফেডোরা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে ভয়াবহ আগুন লাগে। প্রথমে  দ্বিতীয় ও তৃতীয় তলায়  আইফেডোরা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অফিসে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে গোটা  বহুতলে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।  বেশ কয়েকজন কর্মচারী পালানোর  চেষ্টা করেন প্রাণপণ। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রাণে বাঁচতে  আতঙ্কিত দু-একজন জানালা দিয়ে লাফিয়ে পড়েন। নিচে জড়ো হওয়া লোকজন তাদের ধরার চেষ্টা করেন।  আহতদের  প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আরও বেশ কয়েকজন বাড়ি থেকে বেরিয়ে  আসতে সক্ষম হলেও, কয়েকজন ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যেককেই উদ্ধার করার চেষ্টা করছে দমকলকর্মীরা।
স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা ফায়ার কন্ট্রোল রুমে খবর দিলে, নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে দমকলকর্মী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দমকলকর্মীরা আগুন নেভানো শুরু করেন এবং ভেতরে আটকা পড়াদের উদ্ধারের জন্য স্নরকেল ও মই ব্যবহার করেন। এই উদ্ধার অভিযান চলাকালে তিনজনকে নিরাপদে বের করে আনা হয়। সূত্রের খবর, ওই বাড়িতে প্রায় ১৫০ জন কাজ করেন। তাঁদের কতজন ভেতরে আটকে পড়েছেন আর কতজন বেরিয়ে আসতে পেরেছেন, নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুসারে, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লাগে। স্থানীয়দের কারও কারও অভিযোগ দমকল আসতে দেরি করেছিল। নানারকম অব্যবস্থার অভিযোগও উঠেছে।  
দুপুর ২ টো : শেষ পাওয়া খবর অনুসারে, রচিত প্যাটেল নামে ২৩ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।  আগুন থেকে বাঁচতে বাড়িটির  দোতলা থেকে লাফ দিয়েছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, আতঙ্কে  লাফ  দিতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।  ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। দমকলকর্মীরা মই দিয়ে বেশ কয়েকজনকে বের করে আনতে সক্ষম হন।  

Post a Comment

Previous Post Next Post