খবর বাংলা ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামের আইনশৃঙ্খলায় আরও জোর দিতে চায় নবান্ন। শীঘ্রই নন্দীগ্রাম থানা ভেঙে আরও দুটি থানা তৈরি করা হবে। প্রশাসনের তরফে এমনই উদ্যোগে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
সার্বিকভাবে নন্দীগ্রামের আইনশৃঙ্খলার উপর আরও নজরদারি বাড়াতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে নবান্নে নন্দীগ্রামের থানা ভেঙে আরও দুটি থানা তৈরির প্রস্তাব এসেছে। নন্দীগ্রাম থানা ভেঙে রেয়াপাড়া ও তেখালি এই দুটি নতুন থানা করার ভাবনা রয়েছে নবান্নের।
১৭ বছর আগে ২০০৭ সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। প্রাণ হারান ১৪ জন। এরপর থেকে গত দেড় দশক ধরে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। ভোট মরসুমে সেখানে রাজনৈতিক উত্তাপ বাড়ে। পঞ্চায়েত থেকে লোকসভা, যে কোনও নির্বাচনে শিরোনামে উঠে আসে নন্দীগ্রামের নাম। এহেন নন্দীগ্রামে বাড়তি নজর দিতে চাইছে প্রশাসন।
সূত্রের খবর, আগামী দিনে নন্দীগ্রামের আইনশৃঙ্খলার জন্য থাকবে তিনটি থানা ও দুটি আউটপোস্ট। কোন থানার অধীনে কোন এলাকা থাকবে তাও নির্দিষ্ট করা হয়েছে। আপাতত নবান্ন অনুমোদন দিলেই নন্দীগ্রাম থানা ভেঙে আরও দুটি থানা তৈরি হবে।
বর্তমানে নন্দীগ্রামের বিজেরি বিধায়ক শুভেন্দু অধিকারি। তিনি বিধানসভার বিরোধী দলনেতাও। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু। কালক্রমে গেরুয়া শিবিরের সদস্য হয়েছেন তিনি। নন্দীগ্রাম বরাবরই অধিকারী পরিবারের গড় বলে পরিচিত। তমলুক লোকসভার অন্তগর্ত ওই বিধানসভা এলাকায় সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও দফায় দফায় অশান্তির খবর সামনে আসে। তাই এবার ভোট মিটতেই নন্দীগ্রাম থানার নজরদারি বাড়াতে চায় রাজ্য।