পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও


পুজোর আগেই দক্ষিণ দিনাজপুর সফরে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২ অক্টোবর বালুরঘাটে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা আপাতত স্থির রয়েছে বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে সফরের দিনক্ষণে পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনে। সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হতে পারে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বালুরঘাট বিমানবন্দর। জানা গিয়েছে, বিমানবন্দরের রানওয়ে আরও প্রায় ৯০ মিটার সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিমানবন্দর পরিদর্শন করে পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখতে পারেন। বিমানবন্দরটি চালু হলে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা, পর্যটন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছে স্থানীয় মহল।
এর পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতালে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের প্রাথমিক কাজও পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের কোথায় কোন ইউনিট তৈরি হবে, সেই সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হতে পারে। সরকারি জায়গায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে আলোচনার তালিকায়।
জেলার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও কয়েকটি প্রকল্প রয়েছে নজরে। জাতীয় সড়ক চার লেন করা, গঙ্গারামপুরে ইএসআই হাসপাতাল এবং কুশমণ্ডিতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির মতো প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা এবং কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টিও প্রশাসনিক বৈঠকে গুরুত্ব পেতে পারে।
ফলে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য দক্ষিণ দিনাজপুর সফর ঘিরে জেলাবাসীর প্রত্যাশা বাড়ছে। বিমানবন্দর, স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা—একাধিক ক্ষেত্রে দীর্ঘদিনের প্রকল্পগুলির বাস্তবায়নে এই সফর কতটা গতি আনে, এখন সেদিকেই নজর।

Post a Comment

Previous Post Next Post