জল্পনার অবসান। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ়। রবিবার তাঁর সই করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে চেলসি। ৩৩ বছরের গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লন্ডনের ক্লাব।
মার্তিনেজ়কে পেতে চেলসির খরচ হয়েছে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ড বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর। দীর্ঘদিন ধরেই চেলসির গোলরক্ষক বিভাগ নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে রবার্ট স্যাঞ্চেজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষের আবহে অভিজ্ঞ মার্তিনেজ়কে দলে এনে সেই জায়গা শক্ত করতে চেয়েছে চেলসি।
২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্তিনেজ়। ছ’বছরের ভিলা-জীবনে ২৫৬টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে তাঁর পারফরম্যান্স তাঁকে প্রিমিয়ার লিগের অন্যতম পরিচিত গোলরক্ষকে পরিণত করে। ২০২৫-২৬ মরসুমে ভিলার ইউরোপা লিগ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
এ দিকে, ভিলায় মার্তিনেজ়ের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ক্লাবটি জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকিকে দলে নেওয়ার পর সেই জল্পনা আরও বাড়ে। শেষ পর্যন্ত চেলসিই হয়ে উঠল মার্তিনেজ়ের নতুন ঠিকানা।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও মার্তিনেজ়ের সাফল্য কম নয়। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দু’বার জিতেছেন ইয়াশিন ট্রফিও। ফলে তাঁর অভিজ্ঞতা চেলসির গোলরক্ষক বিভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
চেলসিতে যোগ দিয়ে মার্তিনেজ়ও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচ ও অনুশীলনে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখন দেখার, স্ট্যামফোর্ড ব্রিজে আর্জেন্টিনার তারকা গোলরক্ষক কতটা দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন এবং চেলসির গোলপোস্টে প্রত্যাশিত স্থিরতা এনে দিতে পারেন।