তারাপীঠ, কলকাতার আগুন-আঁচে পুড়ছে বাংলা। দু’দিনের মধ্যে ১৮ জনের মৃত্যু! এরই মধ্যে আগুন আতঙ্ক ছড়াল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আবাসিকরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘডি় এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
হস্টেলের আবাসিকদের তৎপরতার পাশাপাশি দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে মনে করা হচ্ছে। তবে খতিয়ে দেখা হচ্ছে সবটাই।
এক নজরে
বারাসত মেডিক্যাল কলেজের লেডিস হস্টেলের একটি ঘরে আগুন লাগে।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ মনে করা হচ্ছে।
কোনও হতাহত হয়নি, তবে আসবাবপত্র, পোশাক ও নথিপত্র পুড়ে গিয়েছে।