পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর সুবেনধু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন। আর এবার বাজারদর সাধারণ মানুষের হাতের মধ্যে রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার বাজার পরিদর্শন করলেন আধিকারিকরা। রঘুনাথপুর ও আদ্রা বাজার পরিদর্শন করলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। রঘুনাথপুরের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ-সহ প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এই অভিযানে ছিলেন।
এদিন প্রথমে সবজি বাজার পরিদর্শন করেন আধিকারিকরা। এরপর বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে গিয়ে পণ্যের বর্তমান বাজারদর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তাঁরা। ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। নির্ধারিত বা ন্যায্য মূল্যের তুলনায় কোথাও বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনের সময় ব্যবসায়ীদের কালোবাজারি বা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ন্যায্য বাজারদর অনুযায়ীই যেন পণ্য বিক্রি করা হয়, সেই কথাও বলেন আধিকারিকরা। নির্দেশ অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা।