সিজেপি-র আন্দোলনে পুলিশের নিগ্রহের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ছে সুপ্রিম কোর্ট! থাকবেন প্রাক্তন সিবিআই কর্তাও


নয়াদিল্লি: সিজেপি-র নেতৃত্বে ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে ওঠা ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, এই কমিটি আন্দোলন ঘিরে পুলিশি পদক্ষেপের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখবে।
প্রস্তাবিত কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি, কোনও হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। সূত্রের খবর, প্রাক্তন সিবিআই অধিকর্তা এবং প্রাক্তন ডিজিপির সম্মতিও আদালত পেয়েছে। মামলার সঙ্গে যুক্ত রাজ্যগুলির কেউ যাতে কমিটিতে না থাকেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, কমিটির মূল কাজ হবে তথ্য অনুসন্ধান বা ‘ফ্যাক্ট ফাইন্ডিং’। আন্দোলনের সময়কার যাবতীয় ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডও কমিটির হাতে তুলে দেওয়া হবে। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিযানের সময়কার ঘটনা বিশেষ ভাবে খতিয়ে দেখা হবে।
শুধু পুলিশের বিরুদ্ধে অভিযোগই নয়, আন্দোলন চলাকালীন পুলিশের উপর হামলা বা হিংসার যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্তের আওতায় থাকবে। পাশাপাশি মহিলা আন্দোলনকারীদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হেনস্থা এবং তুলনামূলক ভাবে দুর্বল অবস্থানে থাকা ব্যক্তিদের অনলাইন হয়রানির অভিযোগও কমিটি দেখবে।
এদিকে দিল্লি পুলিশ আদালতে দাবি করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। পুলিশের বক্তব্য, সংসদের দিকে যাওয়ার প্রস্তাবিত মিছিল আইনসঙ্গত ছিল না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘গ্র্যাজুয়েটেড’ বা ধাপে ধাপে বলপ্রয়োগ করা হয়েছিল। এই দাবির পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগও এখন আদালত-নিযুক্ত কমিটির নজরে আসতে চলেছে।
মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কমিটি গঠনের বিষয়ে বুধবার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হতে পারে। বিভিন্ন পক্ষের কাছ থেকে কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে সিজেপি আন্দোলন ঘিরে পুলিশি ভূমিকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ—দুই দিকই এবার একটি স্বাধীন উচ্চপর্যায়ের তদন্তের আওতায় আসতে চলেছে।

Post a Comment

Previous Post Next Post