কমনওয়েলথ গেমসে জুডোয় ইতিহাস গড়ে দেশের প্রথম স্বর্ণপদকজয়ী ভারতীয় জুডোকা হয়েছেন ত্রিপুরার অস্মিতা দে। তাঁর সেই নজিরবিহীন সাফল্যের পর এবার রাজ্য সরকারের তরফে বড় সম্মান পেলেন এই সোনার মেয়ে। অস্মিতাকে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি পরিবারের জন্য জমিও দিয়েছে ত্রিপুরা সরকার।
বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অস্মিতার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাঁর হাতে ১০ লক্ষ টাকার চেক এবং জমির নথি তুলে দেন। মুখ্যমন্ত্রী জানান, অস্মিতার সঙ্গে কথা বলার পরই তাঁর পরিবারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার সোনাইছড়ির সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন অস্মিতা। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য মানসিকতার জোরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ‘সোনার মেয়ে’ হিসেবে এতদিন দীপা কর্মকারের নামই সামনে থাকত। এবার সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন অস্মিতা।
অস্মিতার সাফল্যের নেপথ্যে পরিবারের ত্যাগের কথাও উঠে এসেছে অনুষ্ঠানে। কমনওয়েলথে মেয়ের সোনাজয় দেখার আগেই তাঁর বাবা মারা যান। গেমসের ট্রায়ালের ঠিক আগে বাবাকে হারানোর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অস্মিতা।
সংবর্ধনা অনুষ্ঠানে অস্মিতা জানান, স্বর্ণপদক জয়ের পাশাপাশি নিজের রাজ্যে ফিরে মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়াও তাঁর কাছে অত্যন্ত আবেগের। পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানার প্রয়োজন ছিল, রাজ্য সরকারের দেওয়া জমির মাধ্যমে সেই প্রয়োজন পূরণ হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে আরও ভালো ফল করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই জুডোকা।
অস্মিতার সাফল্যকে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবেও তুলে ধরেছে ত্রিপুরা সরকার। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও অনুষ্ঠানে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতা পেরিয়েও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করা সম্ভব—অস্মিতার যাত্রাই তার বড় উদাহরণ।
অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রতিনিধিত্বকারী অস্মিতা সেখানেও সরকারি সম্মান পাওয়ার পথে রয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশে সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত এই জুডোকাকে ডিএসপি পদে উন্নীত করার উদ্যোগের কথাও জানা গিয়েছে। ফলে কমনওয়েলথের সোনা জয়ের পর একের পর এক সম্মান এসে পৌঁছচ্ছে অস্মিতার ঝুলিতে।