ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার


ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি আরও জোরদার করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। শহরের প্রতিটি ডিভিশনে ‘ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ তৈরির উদ্যোগ নিচ্ছে লালবাজার। এর লক্ষ্য, অপরাধ সংক্রান্ত তথ্যকে আরও দ্রুত সংগ্রহ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া।
নতুন ব্যবস্থায় প্রতিটি ডিভিশনেই অপরাধের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট পরিকাঠামো থাকবে। সেই তথ্য কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। ফলে কোনও অপরাধের ধরন, অভিযুক্তদের তথ্য কিংবা আগের মামলার রেকর্ড দ্রুত খতিয়ে দেখা সম্ভব হবে। পুলিশের আশা, এতে তদন্তের গতি বাড়বে এবং অপরাধের প্রবণতা বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা নেওয়াও সহজ হবে।
ডিজিটাল মাধ্যমে অপরাধ মোকাবিলায় কলকাতা পুলিশের পরিকাঠামো ইতিমধ্যেই ধাপে ধাপে বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন ডিভিশনে সাইবার সেল রয়েছে এবং সাইবার অপরাধের মোকাবিলায় বিশেষ ব্যবস্থাও চালু রয়েছে।
এর পাশাপাশি, অপরাধীদের সম্পর্কে দেশজুড়ে তথ্য আদানপ্রদানের জন্য ‘ক্রাইম্যাক’ নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হচ্ছে লালবাজার। ফলে স্থানীয় স্তরে সংগৃহীত তথ্যের সঙ্গে বৃহত্তর অপরাধ-তথ্যভাণ্ডারের সংযোগ আরও মজবুত করার চেষ্টা চলছে।
পুলিশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে অপরাধের তথ্য ব্যবস্থাপনায় আরও বিকেন্দ্রীকরণ হবে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য যাচাই এবং তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পথও সহজ হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ক্ষেত্রে এই ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post