টুলু মামলায় যোগ! পাথর খাদানের সঙ্গে যুক্ত ৩ ব্যবসায়ীর উপর এলোপাথারি গুলি নলহাটিতে


বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। আর এর মধ্যেই পাথর খাদানগুলিতে বিস্ফোরক সরবরাহকারী ব্যবসায়ী ও তাঁর দুই সহযোগীর উপর প্রাণঘাতী হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে বীরভূমের নলহাটি থানার উদয়নগর গ্রামে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের গুলিতে জখম হন ব্যবসায়ী শাহে আলম শেখ ও তাঁর দুই সহযোগী। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর একজন বর্তমানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার সঙ্গে টুলু মণ্ডলের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা মোট ১১ রাউন্ড গুলি চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে শাহে আলম শেখ, রেজ্জাক শেখ ওরফে জনি শেখ এবং হাবিবুল হোসেন বাড়ি ফিরছিলেন। সেই সময় উদয়নগর এলাকায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আচমকা হামলায় তিনজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জখমদের দ্রুত উদ্ধার করে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে গুরুতর জখম শাহে আলম শেখ ও রেজ্জাক শেখ ওরফে জনি শেখকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরে স্থানান্তর করা হয়েছে। হাবিবুল হোসেন বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post