শুরু হল ক্ল্যাট ২০২৭-এর আবেদন প্রক্রিয়া, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা ৬ ডিসেম্বর


শুরু হল ‘কমন ল অ্যাডমিশন টেস্ট’ (ক্ল্যাট) ২০২৭-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলে দেশের শীর্ষস্থানীয় ২৬টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর আইন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।

ক্ল্যাট ২০২৭ আয়োজন করে ‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিস’। তাদের অফিশিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ গিয়ে যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। কনসোর্টিয়াম সূত্রে জানানো হয়েছে, ২০২৭–২৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৬ ডিসেম্বর ক্ল্যাট ২০২৭ আয়োজিত হতে চলেছে। দেশের নির্দিষ্ট কয়েকটি পরীক্ষাকেন্দ্রে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে।

স্নাতক স্তরের ক্ষেত্রে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগের যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ক্ল্যাট ইউজি বিভাগের পরীক্ষা দিতে পারবেন। এ জন্য তাঁদের ২০২৫ কিংবা ২০২৬-এ সংশ্লিষ্ট পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে আইনে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ক্ল্যাট পিজি বিভাগের পরীক্ষায় বসতে পারবেন। এ জন্য তাঁদের ২০২৫ কিংবা ২০২৬-এ স্নাতক হতে হবে।

স্নাতক স্তরে যাঁরা প্রবেশিকায় বসবেন, তাঁদের ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স-সহ জেনারেল নলেজ, লিগ্যাল রিজ়নিং, লজিক্যাল রিজ়নিং এবং কোয়ান্টিটেটিভ টেকনিক্স বিষয়ে প্রশ্ন করা হবে।

যাঁরা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে চান, তাঁদের প্রবেশিকার জন্য সাংবিধানিক আইন, আইনশাস্ত্র, চুক্তি আইন, ফৌজদারি আইন, শ্রম আইন, পরিবেশ আইন, কম্পানি ল’, প্রপার্টি ল’-এর বিষয়ে জানতেই হবে। এই সমস্ত বিষয় থেকেই প্রশ্ন আসবে।

কী ভাবে আবেদন করবেন?

অফিশিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ যেতে হবে।

হোমপেজে থেকে ক্ল্যাট ২০২৭ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

মোবাইল নম্বর, ই-মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

ফোনে আসা ওটিপি যাচাই করে লগ-ইন করার পর ফর্মটি পূরণ করতে হবে।

পছন্দের পরীক্ষাকেন্দ্র নির্বাচন ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদন ফি জমা করে ফর্ম সাবমিট করতে হবে এবং প্রিন্টআউট ডাউনলোড করে রাখতে হবে।

Post a Comment

Previous Post Next Post