*জীর্ণ অবস্থার হাওড়া বাস টার্মিনাল বদলে হবে আধুনিক ট্রান্সপোর্ট হাব, বড় পরিকল্পনা মন্ত্রী উমেশ রাইয়ের।*
হাওড়া, ৩১ আগস্ট: দীর্ঘদিনের জীর্ণ হাওড়া বাস টার্মিনাসকে এবার আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস এলাকা পরিদর্শন করে এমনই পরিকল্পনার কথা জানালেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। বর্তমান বাস টার্মিনাসের বেহাল পরিকাঠামো, ভাঙাচোরা ছাদ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং যাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রথমে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যেই তার পরিকল্পনা তৈরি হয়েছে। এরপর তৈরি হবে বড় ও আধুনিক বাস টার্মিনাস। মন্ত্রী জানান, ভবিষ্যতে হাওড়া বাস টার্মিনাসকে মাল্টি-লেভেল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাঁর স্বপ্ন অনুযায়ী, গ্রাউন্ড ফ্লোরে থাকবে বাসস্ট্যান্ড। প্রথম তলায় থাকবে ট্যাক্সি, ওলা, উবের, র্যাপিডো-সহ বিভিন্ন পরিবহণের ব্যবস্থা। উপরের তলায় থাকতে পারে মার্কেট, মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স।প্রকল্পটি বড় হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে বলে জানান উমেশ রাই। রেল, কেএমডিএ, হাওড়া পুরনিগম ও জেলা প্রশাসনকে নিয়ে যৌথভাবে কাজের পরিকল্পনাও রয়েছে। মন্ত্রীর কথায়, হাওড়া স্টেশনে নেমে যাত্রীদের যেন মনে হয় তাঁরা আধুনিক কোনও আন্তর্জাতিক শহরে এসেছেন—এই লক্ষ্যেই বাস টার্মিনাসের আমূল পরিবর্তনের পরিকল্পনা।