কলকাতা : গত মাসের একেবারে শেষে বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছিল এক কুখ্যাত জঙ্গি। তারপর এসটিএফ জঙ্গি - যোগ সন্দেহে আরও ধরপাকড় করে। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর পর ১২ দিন পেরোতে না পেরোতেই রাজ্য পুলিশের STF এর হাতে ধরা পড়ল এক পাক নাগরিক। বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে থেকে জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF।
ধৃত রানা রাউতের আরেক নাম ওয়াহাব আলম। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড- সহ কয়েকটি নথি। ওই জাল নথি সে তৈরি করিয়েছিল এখানেই।
এই সব জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে আরেক সন্দেহভাজনকে। রাজ্য পুলিশের STF সূত্রে দাবি করা হয়েছে, ২০১২ তে নেপাল হয়ে এদেশে ঢোকে ওই পাকিস্তানি। ISI-এর চর হিসাবে এই রাজ্যে ঢুকে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখছিল সে। তাহলে কি বড় কোনও নাশকতার ছক ছিল আইএসআই এর ? কী উদ্দেশে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখা? ধৃতকে জেরা করে জানার চেষ্টা হবে।