বাংলায় SIR-এ লক্ষাধিক নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। কিন্তু অনেকেরই দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বাস করছেন। আরও দাবি, তাঁদের বৈধ নথিপত্র রয়েছে। তার পরেই নাম বাদ যাওয়া ভোটারদের অভিযোগ শুনতে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সব ঠিক থাকলে তাঁদের নাম ফের ভোটার তালিকায় তোলা হবে। এ দিন বাদ পড়া তালিকা থেকে কতজনের নাম পুনরায় তোলা হয়েছে এবং কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট।
একটি চাঞ্চল্যকর তথ্যও জানা গিয়েছে এ দিনের শুনানিতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, রাজ্যের অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে এখনও পর্যন্ত ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে ৩১ লক্ষ আবেদন জমা পড়েছে, কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য।
বাকি যে ৭ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন, তার মধ্যে কত নাম তালিকায় উঠেছে হয়েছে, তা নির্বাচন কমিশনের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। কমিশনের আইনজীবী ডিএস নাইডু আদালতে জানিয়েছেন, অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই কমিশন এবং কলকাতা হাইকোর্ট বৈঠক করেছে। আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
SIR-এ নাম বাদ গেলেও সরকারি প্রকল্পের সুবিধা মিলবে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘নাম বাদ যাওয়ার অর্থ, নাগরিকত্ব খারিজ হওয়া নয়। তাঁদের সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কমিশনের কাছে ৩৮ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭ লক্ষ ভোটার তালিকায় নাম তোলার আবেদন। এর মধ্যে ৮২ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে। আর ৮২ হাজারের মধ্যে ৭৫ হাজারের নাম নতুন করে তোলা হয়েছে ভোটার তালিকায়।