৪৩ থেকে ৫৩, ওয়ার্ডের সংখ্যা বাড়ছে দুর্গাপুর পুরসভার



দুর্গাপুর: ওয়ার্ডের সংখ্যা বাড়তে চলেছে দুর্গাপুর পুরসভার। মোট ওয়ার্ডের সংখ্যা ৪৩ থেকে বেড়ে হতে চলেছে ৫৩। এই বিষয়ে ৩১ অগস্ট রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নমবলম বলেন, 'ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির নির্দেশিকা পেয়েছি। পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশন যেমন নির্দেশ দেবে, সেই অনুযায়ী ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে কাজ হবে।'

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরে দুর্গাপুর পুরসভার ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তেমনই আভাস দিয়েছিলেন স্থানীয় দুই বিধায়কও। ঠিক হয়েছিল কাঁকসা ব্লকের একাংশ, দামোদর নদের ধারে মানাচর, দুবচুড়িয়া-সহ অন্ডাল বিমাননগরীকে দুর্গাপুর পুরসভার অন্তর্ভুক্ত করা হবে।

কিন্তু সোমবার নির্দেশিকা জারি হওয়ার পরে ফের জল্পনা শুরু হয়েছে, বর্তমানে যে ৪৩টি ওয়ার্ড আছে সেগুলি ভেঙে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হবে নাকি তার সঙ্গে নতুন কোনও অঞ্চলকে যুক্ত করা হবে।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, 'আমরা ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। পাশাপাশি দ্রুত পুর নির্বাচনের দাবি জানিয়েছিলাম। রাজ্য সরকার প্রস্তাবে সাড়া দিয়েছে। দুর্গাপুজোর পরে পুরভোটের প্রস্তুতি শুরু করব আমরা। আশা করছি, দুর্গাপুর পুরসভার মধ্যে কাঁকসা ব্লক-সহ অন্ডাল বিমাননগরীও অন্তর্ভুক্ত হবে।'

Post a Comment

Previous Post Next Post