পুজোর আগেই রাস্তায় নামছে আরও ৯০টি নতুন বাস, উত্তরবঙ্গে ৩০টি, বিরাট ঘোষণা অর্জুন সিংয়ের


পুজোর আগেই আরও ৯০ টি বাস পথে নামানো হবে। পুজোর মধ্যে ৩০টি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দেওয়া হবে। বড় ঘোষণা রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের। একদিনের জন্য শিলিগুড়ি সফরে এসেছেন রাজ্যর শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে ফাঁসিদেওয়ার কমলা চা বাগানে যান মন্ত্রী। চা বাগানের ঘুরে দেখার পাশাপাশি চা বাগানের হাসপাতাল পরিদর্শনও করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন অর্থ ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অর্জুন সিং বলেন, বিগত সরকার পরিবহন দফতর ধ্বংস করে গিয়েছে। আমরা গত ৪ মাসে ৫০টি বাস পথে নামিয়েছি‌। আমাদের টেন্ডারের সমস্যা রয়েছে। পুজোর আগে আরও ৯০টি বাস আমরা রাস্তায় নামানো হবে। গুরুত্বপূর্ণ রুটে এই বাস দেওয়া হবে। পুজোর মধ্যে উওরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৩০ টি বাস দেওয়া হবে। চা বাগান পরিদর্শন শেষে সড়ক পথে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন মন্ত্রী। শিলিগুড়িতে আজ উওরবঙ্গ চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে রিভিউ মিটিং করবেন অর্জুন সিং।
এদিন অর্জুন সিং আরও জানান, চা বাগানের যে সমস্যাগুলি রয়েছে তার জন্য রিভিউ মিটিং করা হবে। তোপ দাগেন, ৪৯ বছর ধরে সিপিআইএম ও তৃণমূল সরকার শেষ করে দিয়ে গিয়েছে চা বাগানকে। বন্ধ বাগান খোলা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি। বিগত সরকারের কোনও প্ল্যানিং ছিল না চা বাগানের প্রতি। এখন সিস্টেম মেনে কাজ করা হবে। এক ছাতার তলায় এনে সমন্বয়ের মধ্যে দিয়ে এখন কাজ করা হচ্ছে। চা-বাগানের উন্নতি সাধনে মুখ্যমন্ত্রীকেও সুপারিশ করা হয়েছে বলে জানান মন্ত্রী। সমস্ত ক্রেশ হাউস খোলা হবে। যা সমস্যা রয়েছে তা সমাধান হবে মত মন্ত্রীর। 

Post a Comment

Previous Post Next Post