‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার


নির্বাচন কমিশনের ‘অন্তর্কলহ’ নিয়ে বিতর্কের মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পরিবারে স্বস্তির খবর। তাঁর কন্যা তথা নয়ডার জেলাশাসক মেধা রূপমের বেতন থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট।
নয়ডায় শ্রমিক বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ আটক করার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক মেধা। এরপর প্রায় পাঁচ মাস বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন আকৃতি। ওই মামলাকে কেন্দ্র করেই মেধার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
গত ২ সেপ্টেম্বর এলাহাবাদ হাই কোর্ট আকৃতির বিরুদ্ধে জারি হওয়া এনএসএ বাতিল করে দেয়। একই সঙ্গে জেলাশাসকের সিদ্ধান্ত ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অচল সচদেবের ডিভিশন বেঞ্চ মেধার বেতন থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
এলাহাবাদ হাই কোর্টের সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মেধা। আপাতত হাই কোর্টের ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশ স্থগিত করায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন নয়ডার জেলাশাসক।

Post a Comment

Previous Post Next Post