শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর, দুর্যোগে ভাসবে কোন কোন জেলা?


স্থলভাগের দিকে আরও এগিয়ে এসেছে, অতি গভীর নিম্নচাপ। সমুদ্র ছেড়ে এই নিম্নচাপ স্থলভাগে ঢুকে ক্রমশই এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। বর্তমানে, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলভাগে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। এর ফল কী হতে পারে?
আবহাওয়া দফতর জানাচ্ছে, স্থলভাগে পৌঁছে ক্রমে শক্তি হারাবে গভীর নিম্নচাপ। তবে বর্তমানে দুর্যোগ না হলেও, এই নিম্নচাপের জেরে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টি চলবে আরও কয়েকটা দিন।
আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, আগামী শনিবার পর্যন্ত। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
তবে এই পরিস্থিতির উন্নতি হবে সপ্তাহান্তেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আজকের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগণা,বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল অর্থাৎ শুক্রবার ২৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে শুক্রবারই সবচেয়ে বেশি দুর্যোগ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমন পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - এই তিন জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা।
এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি রয়েছে কমলা সতর্কতা।

Post a Comment

Previous Post Next Post