আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। ৩০ নভেম্বর পর্যন্ত ওই অফিস ভাঙা যাবে না বলে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। মঙ্গলবার মামলা ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে আমতলার ওই অফিস থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, আদালত রাজ্যকে বিস্তারিত রির্পোট জমার নির্দেশ দিয়েছে। রিপোর্টের কপি আবেদনকারীকেও পরবর্তী শুনানির আগে দিতে হবে বলেও নির্দেশ।
মঙ্গলবার মামলার শুনানিতে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্য জমি খালি করার নির্দেশ দিচ্ছে। ৫০৭, ৫০৯ ও ৫১২ দাগ নম্বর নিয়ে সমস্যা রয়েছে। এরপরই রাজ্যের তরফে রিপোর্টে জানানো হয়, ৫০৭ দাগে পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের অফিস রয়েছে। কিন্তু ডাকা হলেও সাক্ষ্য দেওয়া হয়নি। ৫০৯ দাগে মতি মল্লিকের ঘর আছে। ৫১২ নম্বর দাগ লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে। পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্টে জানিয়েছেন, অনুমতির বাইরে ৬.৫ মিটার নির্মাণ হয়েছিল। শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, পঞ্চায়েত পর্যন্ত যাওয়ার পর কি আপনাদের আর কোনও দায়িত্ব থাকে না? এরপরই আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতবি করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।