আনুষ্ঠানিক ভাবে শরতে পা দিয়েছে বাংলা। তবে বর্ষার দাপট এখনও পুরোপুরি কাটেনি। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছেছে। ওই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।
এ ছাড়াও রাজস্থান থেকে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। একই সঙ্গে বর্ষাকালীন অক্ষরেখাও এখনও সক্রিয় রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের উপর। আবহবিদদের মতে, এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই উত্তরবঙ্গে আরও কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে।
দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি
অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে মূলত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী পাঁচ দিনে কলকাতায় বড় ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে পুজোর প্রস্তুতির মরসুমে দক্ষিণবঙ্গবাসী ধীরে ধীরে বৃষ্টির দাপট থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে বর্ষার অক্ষরেখা সক্রিয় থাকায় একেবারে বৃষ্টিমুক্ত আবহাওয়ার আশা এখনই করা যাচ্ছে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকায় আরও কয়েক দিন বৃষ্টি চলতে পারে। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।