বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, টিনের চাল উড়ে গিয়ে পড়ল ১০০ মিটার দূরে! শুরু রাজনৈতিক তরজা


বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দরজা-জানলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছাদের টিনের অংশ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে দাবি। বিস্ফোরণের পর বাড়িতে আগুনও লেগে যায়।
ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের উত্তরভাগের লালপোলের কাছে। বাড়িটির মালিক তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডল। তিনি রামনগর যুব তৃণমূলের সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের কয়েকটি বাড়িতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির কোনও অংশে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও বিস্ফোরণের তীব্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের প্রশ্ন, সাধারণ সিলিন্ডার বিস্ফোরণে কি এতটা ক্ষয়ক্ষতি হতে পারে?
এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, দ্বিজেন মণ্ডলের বাড়িতে বিপুল পরিমাণ বোমা বা বিস্ফোরক মজুত ছিল। যদিও এই অভিযোগের এখনও কোনও সরকারি নিশ্চয়তা মেলেনি।
বারুইপুর পূর্ব ব্লক-২ বিজেপির মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকারের দাবি, ওই বাড়িতে আগে দুষ্কৃতীদের আনাগোনা ছিল এবং সেখানে বিভিন্ন বৈঠকও হত। তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের যাতায়াত ছিল বাড়িটিতে।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ কী, বাড়িতে কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, নাকি সত্যিই সিলিন্ডার থেকেই দুর্ঘটনা—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাস্থল থেকে কী কী নমুনা উদ্ধার হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষায় কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

Post a Comment

Previous Post Next Post