কলকাতায় বসে ক্রিকেট ম্যাচের বেটিং! পূর্ব যাদবপুরে ফাঁস বেআইনি অনলাইন জুয়ার কারবার, গ্রেফতার ঝাড়খণ্ডের ৪


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শহরের বুকে বসেই চলছিল বেআইনি অনলাইন ক্রিকেট বেটিং ও জুয়ার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করল চার যুবককে। ধৃতদের প্রত্যেকেই ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব যাদবপুরের দীনেশনগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর রাতে পূর্ব যাদবপুরের দীনেশনগরের ৫৯ নম্বর ফ্ল্যাটে বেআইনি অনলাইন জুয়া এবং ক্রিকেট বেটিং চালানোর খবর আসে পুলিশের কাছে। অভিযোগ, সাধারণ মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে অনলাইন বেটিংয়ের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
খবর পাওয়ার পরই পূর্ব যাদবপুর থানার সাব-ইনস্পেক্টর দীপক মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই চার যুবককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই ফ্ল্যাট থেকে অনলাইন ক্রিকেট বেটিং এবং জুয়ার কারবার পরিচালনা করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ তদন্তকারীদের।
তবে এই কারবারের মূলচক্রীরা এখনও অধরা। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি অনলাইন জুয়ার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনার পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, কীভাবে সাধারণ মানুষকে এই বেটিংয়ের ফাঁদে ফেলা হত এবং আর্থিক লেনদেনের নেটওয়ার্কই বা কী—তা খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post