‘স্টার ওয়ারস’ কি এবার সত্যি হতে চলেছে? পৃথিবীর মাটির বাইরে মহাকাশকেও যুদ্ধক্ষেত্র হিসেবে প্রস্তুত করছে বিশ্বের শক্তিধর দেশগুলি। এবার প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল আমেরিকা।
এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে মার্কিন বায়ুসেনার সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানান, পৃথিবীর কক্ষপথে আমেরিকার ‘স্পেস কন্ট্রোল’ সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তাঁর দাবি, এই অস্ত্রগুলি শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে আমেরিকাকে রক্ষা করতে সক্ষম। তবে কী ধরনের অস্ত্র মহাকাশে মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
মহাকাশে অস্ত্র পাঠানোর অভিযোগ অবশ্য বহুদিন ধরেই ছিল আমেরিকার বিরুদ্ধে। এতদিন তা স্বীকার করেনি ওয়াশিংটন। মার্কিন সেনা সূত্রের দাবি, কিছু উপগ্রহে ইন্টারসেপ্টরের মতো গতিশীল অস্ত্র রয়েছে। লেজার, জ্যামার ও তড়িৎচুম্বকীয় প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের স্যাটেলাইটের যোগাযোগ ও রাডার ব্যবস্থা অচল করার ক্ষমতা রয়েছে সেগুলির। ফলে মহাকাশে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।