ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়লেন ৩ ইতালীয়! এয়ার ইন্ডিয়াকে শোকজ, জরুরি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক


ইমিগ্রেশন ছাড়পত্র ছাড়াই দিল্লি বিমানবন্দর থেকে তিন ইতালীয় নাগরিকের দেশ ছাড়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। চলতি মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি পৌঁছে পরে জার্মানির মিউনিখগামী বিমানে ওঠেন ওই তিন যাত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনায় এয়ার ইন্ডিয়াকে শোকজ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিমান সংস্থার সিইও তেওলদে গেব্রেমারিয়ামের কাছে গুরুতর পদ্ধতিগত ত্রুটির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সূত্রের খবর, গত ৪ সেপ্টেম্বর অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লি এসেছিলেন ওই তিন যাত্রী। পরে তাঁরা মিউনিখগামী লুফৎহানসার বিমানের টিকিট কাটেন। অভিযোগ, প্রয়োজনীয় ইমিগ্রেশন ছাড়পত্র ছাড়াই তাঁদের আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে দেওয়া হয় এবং তাঁরা বিমানে উঠে দেশ ছাড়েন।
দিল্লির মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এটি নিছক পদ্ধতিগত ত্রুটি, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য ভাবে, ঘটনার সময়ের কাছাকাছি দিল্লিতে বসেছিল ব্রিকস আন্তর্জাতিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা। ফলে ঘটনাটি নিয়ে নিরাপত্তা মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post