দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের নতুন মোড়। প্রায় ছ’বছর পর সোমবার এই ঘটনায় এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে মহারাষ্ট্রের শিবসেনা নেতা তথা তৎকালীন মন্ত্রী আদিত্য ঠাকরে, অভিনেতা ডিনো মোরিয়া, রিয়া চক্রবর্তী-সহ একাধিক নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। তদন্তের প্রয়োজনে আরও কয়েক জনের ভূমিকা খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকেরা।
দিশা সালিয়ান ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন আপ্তসহায়ক। ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের মালাডে একটি বহুতল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে সেই সময় থেকেই নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি নিয়ে তদন্তের দাবিও জোরালো হয়।
প্রায় দু’সপ্তাহ আগে দিশার মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় বম্বে হাই কোর্ট। আদালতের নির্দেশের পরই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দায়ের করা এফআইআরে হত্যা, গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগের ধারাও যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সিবিআইয়ের এফআইআরে দাবি করা হয়েছে, ঘটনার সময় তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর পুত্র আদিত্য ঠাকরে এবং আরও কয়েক জন ষড়যন্ত্র করেছিলেন এবং পরবর্তী সময়ে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। সরকারি কর্মী এবং পুলিশ আধিকারিকদের ভূমিকারও তদন্ত করা হবে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ছাড়াও মামলার সঙ্গে সম্পর্কিত সরকারি নথি, ফাইল ও তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করা, সরকারি নথি জাল করা এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগও খতিয়ে দেখবে সিবিআই। এর আগে দিশার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি ও তথ্য চেয়ে মুম্বই পুলিশকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে এফআইআরে কারও নাম থাকা মানেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে অভিযোগগুলির সত্যতা যাচাই করবে সিবিআই। ফলে দীর্ঘ ছ’বছর পর নতুন করে শুরু হওয়া এই তদন্তে আগামী দিনে আর কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।