আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। ইতিমধ্যেই বহু স্কুলে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড। কিন্তু বিধানসভার উপনির্বাচনের কারণে পরীক্ষার সূচিতে বদল হওয়ায় ফের নতুন করে অ্যাডমিট কার্ড ছাপিয়ে পড়ুয়াদের দিতে হচ্ছে স্কুলগুলিকে। আর এই অতিরিক্ত কাজেই সমস্যায় পড়েছে একাধিক স্কুল কর্তৃপক্ষ।
আগের সূচি অনুযায়ী ৫, ৬ এবং ৭ অক্টোবর বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভার উপনির্বাচন এবং ৯ অক্টোবর ফলপ্রকাশ থাকায় ওই সময়ের পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর, পরীক্ষা শুরুর মাত্র ১১ দিন আগে সূচি পরিবর্তনের কথা জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, গণিত, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি এবং আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবরের পরিবর্তে হবে ১২ অক্টোবর।
সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ফিশারিজ় অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের পরিবর্তে হবে ১৩ অক্টোবর। অন্য দিকে, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা ৭ অক্টোবরের পরিবর্তে নেওয়া হবে ১৪ অক্টোবর।
সূচি বদলের সঙ্গে অ্যাডমিট কার্ডেও সংশোধন প্রয়োজন হয়েছে। ফলে যে সমস্ত স্কুলে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড বিতরণ হয়ে গিয়েছিল, তাদের ফের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে স্কুলে ডেকে নতুন অ্যাডমিট কার্ড সংগ্রহের ব্যবস্থা করতে হচ্ছে। একই সঙ্গে স্কুলকেই নতুন করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হচ্ছে।
শিক্ষাকর্মীর ঘাটতি রয়েছে এমন স্কুলগুলির ক্ষেত্রে এই অতিরিক্ত কাজ আরও চাপ তৈরি করেছে। অল্প সময়ের মধ্যে কয়েক দফায় অ্যাডমিট কার্ড তৈরি, প্রিন্ট এবং বিতরণের ব্যবস্থা করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। এ বছর উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষেরও বেশি হওয়ায় এই প্রক্রিয়ার পরিধিও যথেষ্ট বড়। ফলে পরীক্ষা শুরুর আগে সূচি পরিবর্তনের প্রভাব শুধু পড়ুয়াদের উপরই নয়, স্কুলগুলির প্রশাসনিক কাজেও পড়েছে।