হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নীলাদ্রির পুরনো অফিস! ভগ্ন ঘর দেখে বিজেপি বিধায়ক বললেন, ধেড়ে ইঁদুর আর টানা বৃষ্টির ফল


রাজ্যে সরকার বদলের পর বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিধায়ক কার্যালয় স্থানান্তরিত হয়েছে অন্যত্র। ফলে গত প্রায় চার মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাঁকুড়ার ভৈরবস্থানে তাঁর পুরনো কার্যালয়। শনিবার দুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই অফিসের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নিজেই।
পুরনো কার্যালয়ের ভগ্নদশা দেখে নীলাদ্রিশেখর দানা দাবি করেন, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ভবনটি অতিবৃষ্টির পাশাপাশি ইঁদুরের দৌরাত্ম্যের কারণেও দুর্বল হয়ে পড়েছিল। তাঁর কথায়, ধেড়ে ইঁদুরের গর্ত এবং টানা বৃষ্টির জেরে কাঠামো দুর্বল হয়ে এই বিপত্তি ঘটে থাকতে পারে।
ভৈরবস্থানে যে জায়গায় বর্তমানে পুরনো কার্যালয়টি ছিল, সেখানে একসময় নীলাদ্রির রেডিমেড পোশাকের দোকান ছিল। বাঁকুড়া পুরসভার কাউন্সিলর হওয়ার পর সেই দোকানটিকেই কাউন্সিলর কার্যালয়ে পরিণত করেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর সেটিই তাঁর বিধায়ক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। পরবর্তী সময়ে কার্যালয়টির সংস্কারের কাজও শুরু করেছিলেন বিধায়ক।
তবে জমি সংক্রান্ত বিতর্কের জেরে সেই সংস্কারের কাজ মাঝপথে থমকে যায়। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে ফের জয়ী হওয়ার পর অন্য একটি বাড়িতে নতুন বিধায়ক কার্যালয় তৈরি করেন নীলাদ্রি। তারপর থেকেই ভৈরবস্থানের পুরনো কার্যালয়টি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
শনিবার দুপুরে আচমকা পুরনো অফিসের অংশবিশেষ ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক। কীভাবে ভবনটি ভেঙে পড়ল, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও শুরু হয়েছে আলোচনা।

Post a Comment

Previous Post Next Post