শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?


কলকাতা : সাগরে শক্তিশালী নিম্নচাপ। সক্রিয় এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গজুড়ে চলছে ঝড়বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। শুক্রবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা ভেবেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ঝড়বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির জন্য আজ হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে। 
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে শুক্র ও শনিবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post