স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা নির্দেশিকা জারি করল রাজ্য স্কুলশিক্ষা দফতর। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি এবং একটি সরকারপোষিত স্কুলে সর্পদংশনের ঘটনা সামনে এসেছে। তার পরেই রাজ্যের সমস্ত স্কুলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর জেলার স্কুল পরিদর্শকদের এই নির্দেশ পাঠানো হয়েছে।
সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারপোষিত এবং বেসরকারি—সব ধরনের স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে। জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলগুলিতে নির্দেশগুলি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। মূলত পড়ুয়াদের সুরক্ষা এবং পোকামাকড় বা সরীসৃপের উপদ্রব রুখতেই এই পদক্ষেপ।
নির্দেশিকায় স্কুল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শনের কথা বলা হয়েছে। শ্রেণিকক্ষ, শৌচাগার, সিঁড়ি, বারান্দা, খেলার মাঠ, বাগান, নর্দমা, জল জমে থাকা এলাকা, নির্জন জায়গা, রান্নাঘর, ভাঁড়ার ঘর এবং নির্মাণস্থল-সহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলি খতিয়ে দেখতে হবে। কোথাও কোনও ত্রুটি বা ঝুঁকি নজরে এলে দ্রুত তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুল চত্বরে ঝোপঝাড়, আগাছা এবং আবর্জনা জমতে দেওয়া যাবে না। নর্দমা ও জল জমার জায়গাগুলিও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি রান্নাঘর ও ভাঁড়ার ঘরে খাবার সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়া ও কর্মীদের নিরাপত্তার বিষয়ে সচেতন করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত পদক্ষেপ করা হবে, সেই ব্যবস্থাও প্রস্তুত রাখতে বলা হয়েছে। কোনও এলাকায় সাপ, পোকামাকড় বা অন্য কোনও সরীসৃপের উপস্থিতি ধরা পড়লে বিষয়টি অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।