তারাপীঠে শুরু হচ্ছে মন্দিরের সংস্কারের কাজ, উঁচু হবে দেবীর বেদি



তারাপীঠ: দীর্ঘ আপেক্ষার পরে শুরু হতে চলেছে তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ। তবে সেই কাজের জন্য গর্ভগৃহ ছাড়বেন দেবী। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টার পর গর্ভগৃহ থেকে দেবীর বিগ্রহকে মন্দির চত্বরের মধ্যেই থাকা শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কারপর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানে থাকবে বিগ্রহ। এতে পুজো বা দর্শন কোনওটাই বন্ধ হবে না। শিবমন্দির থেকেই নিয়ম মেনে পুজো, আরতি, ভোগ নিবেদন এবং ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হবে।

মন্দির কমিটি জানিয়েছে, বর্তমানে নাটমন্দির থেকে দেবী দর্শন করতে গিয়ে অনেক সময়ে ভক্তদের সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা কমাতেই মন্দিরের সামনের দরজা প্রায় এক ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাশাপাশি নাটমন্দির থেকে দেবীর দর্শন আরও স্পষ্ট করতে দেবীর মূল বেদিটিকেও প্রায় আট ইঞ্চি উঁচু করা হবে। অর্থাৎ সংস্কারের পরে শুধু মন্দিরের ভিতর-বাইরের কাঠামোয় পরিবর্তন নয়, ভক্তদের দর্শন আরও সহজ এবং সুবিধাজনক করাই থাকবে লক্ষ্য।

মন্দির কমিটি সূত্রে খবর, কৌশিকী অমাবস্যার পরে কাজ শুরুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এই বিশেষ তিথির পরে শনিবার ও রবিবার থাকায় দর্শনার্থীদের ভিড় হয়। ১৪ সেপ্টেম্বর রাতে বিগ্রহ স্থানান্তর হবে।

ফলে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আসা ভক্তদের দর্শনে বড় কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরের ভিতর ও বাইরের অংশেও প্রয়োজনীয় সংস্কার করা হবে। গোটা কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও তাঁদের প্রযুক্তিগত নির্দেশিকা মেনে চলা হবে।


Post a Comment

Previous Post Next Post