কলকাতা: খাবারের মান যাচাই করতে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও অস্থায়ী খাবারের দোকানে যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযান চলাকালীন,খাবারের গুণগত মান যাচাইয়ের সময়ে কয়েকটি দোকান থেকে বাসি খাবার, পচা মাছ, ক্ষতিকর রং মেশানো সবজি এবং ভেজাল মশলা-সহ ব্যবহারের অনুপযুক্ত খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এরই মধ্যে বনগাঁর কমলাপুরে সস কারখানায় খাদ্য সুরক্ষা দফতর ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের হানা।
সেখানে সসে ক্ষতিকারক রঙ ও পচা কুমড়ো মেশানোর অভিযোগ উঠেছে। নকল সস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। বাগদা পুরাতন বাজার ও নতুন বাজারেও অভিযান চালায় পুলিশ-প্রশাসন। বিভিন্ন মিষ্টির দোকান, বিরিয়ানির দোকান, ফাস্টফুডের দোকানে হানা। মিষ্টির দোকান থেকে উদ্ধার করে মেয়াদ উত্তীর্ণ ব্যবহৃত সামগ্রী।
বুধবার, গরুমারা সংলগ্ন লাটাগুড়ির একাধিক রিসর্টে অভিযান চালাল প্রশাসন। মহকুমাশাসকের নেতৃত্বে রিসর্টগুলির রান্নাঘর ও ফুড স্টোরে চলে অভিযান। বেশ কয়েকটি রিসর্টের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী। লাটাগুড়ির ৩ টি রিসর্টকে সতর্কও করা হয়েছে প্রশাসনের তরফে। হুগলির ভদ্রেশ্বরে খাদ্য সুরক্ষা বিধি না মানায় বন্ধ করে দেওয়া হল বেকারি। বিধাননগরেও একটি কেক পেস্ট্রির দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রাজারহাট চৌমাথায় বিভিন্ন খাবারের দোকানে চলে অভিযান। সেখানে একটি বিরিয়ানির দোকান থেকে পচা মাংস উদ্ধার হয়।