পাকিস্তান ক্রিকেটে ফের বড়সড় রদবদলের ইঙ্গিত। ইংল্যান্ড সফরে দলের একের পর এক সিদ্ধান্ত এবং নির্বাচন নিয়ে বিতর্কের আবহে এ বার ‘সাফাই অভিযান’-এ নামতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বোর্ডের অন্দরের খবর, জাতীয় নির্বাচক কমিটি থেকেই সরিয়ে দেওয়া হতে পারে প্রাক্তন পাক ক্রিকেটার আকিব জাভেদকে। তাঁর বদলে তাঁকে লাহোর হাই পারফরম্যান্স সেন্টারে ডিরেক্টর ডেভেলপমেন্টের দায়িত্বে মনোনিবেশ করতে বলা হতে পারে।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং অধিনায়ক সলমন আলি আগা-সহ মোট সাত ক্রিকেটারকে ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানো হয়। এই সিদ্ধান্তের পর থেকেই দলের নির্বাচননীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রিজওয়ান এবং ইমামকে শুধু খারাপ ফর্মের কারণেই বাদ দেওয়া হয়নি, ড্রেসিংরুমে তাঁদের আচরণও সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় ছিল। অন্যদিকে, বাকি ক্রিকেটারদের ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন রেড-বল কোচ মাইক হেসনের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতেই PCB চেয়ারম্যান মহসিন নকভি নির্বাচন কমিটিতে পরিবর্তনের পথে হাঁটছেন বলে খবর। নির্বাচক কমিটির আরও এক সদস্য তথা প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক ইতিমধ্যেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলেও দাবি করা হয়েছে।
শুধু তাই নয়, নির্বাচন এবং উপদেষ্টা কমিটির সদস্যদের কাছেও ব্যাখ্যা চেয়েছে PCB। ইংল্যান্ড সফরের দলে রিজওয়ান ও ইমামের অন্তর্ভুক্তি এবং খেলোয়াড় বাছাইয়ের মানদণ্ড নিয়ে তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আকিব জাভেদকে সরানোর সিদ্ধান্ত কার্যকর হলে পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক কাঠামোয় তা বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর নতুন নির্বাচন কমিটি ঘোষণা করা হতে পারে। অর্থাৎ, মাঠের ব্যর্থতার পাশাপাশি প্রশাসনিক স্তরেও পাকিস্তান ক্রিকেটে এখন বড়সড় পরিবর্তনের প্রস্তুতি চলছে।