বাস এলো, কিন্তু স্টপেজে অপেক্ষারত মহিলা যাত্রীকে দেখেও দাঁড়াল না! আবার বাস দাঁড়ালে সেখানে ওঠার পরে জুটল কন্ডাক্টরের দুর্ব্যবহার! সরকারি বাস নিয়ে আমজনতার, বিশেষত মহিলাদের এমন অভিযোগ নতুন নয়। এ বার সেই অভিযোগের প্রেক্ষিতেই প্রযুক্তির নজরদারি বসাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর। সরকারি বাসের কন্ডাক্টরদের ডিউটির সময়ে পোশাকে ‘বডি ক্যামেরা’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের অভিযোগ জানাতে চালু হয়েছে পৃথক কন্ট্রোল রুম ও হেল্পলাইন।
শুক্রবার পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, সরকারি বাসে কন্ডাক্টরদের আচরণ ও যাত্রী পরিষেবার উপর নজর রাখতেই এই ব্যবস্থা। বডি–ক্যামে ডিউটির সময়ে কথাবার্তা ও বিভিন্ন ঘটনা রেকর্ড থাকবে। ফলে যাত্রী-কর্মীর বিবাদ বা পরিষেবা নিয়ে অভিযোগ উঠলে তা যাচাই করা সহজ হবে। একই সঙ্গে কর্মীদের দায়িত্বশীলতাও বাড়বে বলে মনে করছে দপ্তর। অভিযোগ জানানোর ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। এনবিএসটিসি-র জন্য ৯০৪৬২২৯০২৫, এসবিএসটিসি-র জন্য ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি/ইবিএসটিসি-র জন্য ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ এবং ওয়েস্টবেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যাত্রীরা যোগাযোগ করতে পারবেন অভিযোগ জানাতে।
পরিবহণ দপ্তরের এই উদ্যোগের লক্ষ্য শুধু মহিলা যাত্রীদের নিরাপত্তা নয়, সরকারি বাস পরিষেবায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানোও। এর পাশাপাশি দুর্গাপুজোর মধ্যে নতুন এসি ও নন-এসি বাস নামানোর পরিকল্পনা এবং আগামী মার্চের মধ্যে প্রায় ১ হাজার নতুন সরকারি বাস রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন পরিবহণমন্ত্রী।