বাড়ছে খরচ, চাপে পড়ছে ব্যবসা। সেই পরিস্থিতিতে ব্যয় সঙ্কোচনের পথে হাঁটল স্যামসাং ইন্ডিয়া। সংস্থার টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রায় ৮০ থেকে ১০০ জন আধিকারিককে চাকরি ছাড়তে বলা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। ধাপে ধাপে এই ছাঁটাই প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মূলত বাড়তে থাকা উৎপাদন খরচ এবং ব্যবসায়িক মার্জিনের উপর চাপের কারণেই এই সিদ্ধান্ত। গত কয়েক মাসে মেমরি চিপের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সেই সঙ্গে স্মার্টফোন ব্যবসাতেও বিক্রির পরিমাণ কমেছে। ফলে সংস্থার সামগ্রিক খরচ কমানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে শিল্পমহলের একাংশের মত।
তবে আপাতত স্যামসাংয়ের স্মার্টফোন বিভাগের কর্মীদের এই ছাঁটাইয়ের আওতায় আনা হয়নি বলেই খবর। প্রথম দফায় টেলিভিশন এবং গৃহস্থালির বৈদ্যুতিন পণ্যের ব্যবসার আধিকারিকদের উপরেই কোপ পড়েছে। সংস্থার বিভিন্ন বিভাগে ব্যয় কমিয়ে কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই পুনর্গঠন বলে মনে করা হচ্ছে।
শুধু কর্মী ছাঁটাই নয়, আগামী দিনেও পরিস্থিতি অনুযায়ী আরও পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বিশেষ করে ইলেকট্রনিক্স বিভাগের বিক্রি ও বিপণন সংক্রান্ত কর্মীদের নিয়ে নতুন করে সিদ্ধান্ত হতে পারে।
এর পিছনে আরও একটি বড় কারণ হিসাবে উঠে আসছে স্মার্টফোন ব্যবসায় বিক্রির চাপ। রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনের বিক্রির পরিমাণও কমেছে, যার ফলে বাড়তি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লাভের মার্জিন ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে ভারতীয় মুদ্রার দরপতনও আমদানি-নির্ভর উপাদানের খরচ বাড়িয়েছে বলে জানা গিয়েছে।
ফলে দেশের অন্যতম বড় ইলেকট্রনিক্স সংস্থার এই কর্মী ছাঁটাই শিল্পমহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আগামী দিনে বাজার পরিস্থিতি এবং বিক্রির গতিপ্রকৃতির উপর নির্ভর করেই স্যামসাং ইন্ডিয়ার পুনর্গঠনের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে পারে।