‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের


নিজস্ব প্রতিবেদন: লাদাখের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রের তরফে আলোচনার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁর। পরিস্থিতির বদল না হলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে মেগা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন ওয়াংচুক। তাঁর সঙ্গে আন্দোলনে থাকার কথা লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এরও।
লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি, তাঁদের অঞ্চলকে আরও বেশি রাজনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন দেওয়া হোক। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এরপর থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা-সহ একাধিক দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
এই দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সোনম ওয়াংচুক। গত বছরও তাঁর নেতৃত্বে আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। বিক্ষোভের সময় তাঁকে আটকও করা হয়েছিল। পরে অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে কেন্দ্রের তরফে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়া হয়েছিল।
স্থানীয় সংগঠনগুলির অভিযোগ, সেই আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত তাঁদের মূল দাবিগুলি নিয়ে কার্যকর কোনও সিদ্ধান্ত হয়নি। ওয়াংচুকের বক্তব্য, আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। তাঁর অভিযোগ, কেন্দ্রের তরফে ‘ভালো চা খাওয়ানো’ হলেও লাদাখের মানুষের কোনও দাবিই বাস্তবে মানা হয়নি।
এই পরিস্থিতিতেই ফের আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি চলছে। লেহ এবং কারগিলের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে বড় কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং স্থানীয় মানুষের অধিকার রক্ষা।
ফলে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে লাদাখের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। কেন্দ্র শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর উদ্যোগ নেয়, নাকি ওয়াংচুকদের ঘোষিত মেগা আন্দোলন বাস্তবে রূপ নেয়—এখন সেদিকেই নজর।

Post a Comment

Previous Post Next Post