উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল


উপস্থিতির হারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সুরেন্দ্রনাথ ল কলেজে। রাতভর ভাইস প্রিন্সিপাল মহম্মদ তারান্নুমকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁর ঘরে আলো ও জলের ব্যবস্থাও ছিল না। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ঘেরাও অবস্থাতেই রয়েছেন ভাইস প্রিন্সিপাল।
সম্প্রতি কলেজের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না। পরে বিধায়ক তথা আইনজীবী কৌস্তুভ বাগচির হস্তক্ষেপে কম উপস্থিতির পড়ুয়াদের সেলফ ডিক্লারেশনের মাধ্যমে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ফর্ম পূরণের সময় ফের উপস্থিতির হার নিয়ে জটিলতা তৈরি হয়। ঠিক হয়, অন্তত ৪০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
এর ফলে প্রায় ৯০০ জনের মধ্যে ৬০০ জন পরীক্ষায় বসতে পারবেন না বলে আশঙ্কা তৈরি হয়। একটি সেমেস্টারে ১৮০ জনের মধ্যে ১৪৪ জনের উপস্থিতি ৪০ শতাংশের নিচে বলেও জানা যায়। সমস্যা মেটাতে বৃহস্পতিবার কর্তৃপক্ষ, পড়ুয়া ও কৌস্তুভ বাগচির বৈঠক হয়। এরপর সেলফ ডিক্লারেশন নিয়ে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেওয়া হলেও, ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।

Post a Comment

Previous Post Next Post