যা খুশি তাই রান্নাঘরে, লাল সিলিন্ডারেই বিরিয়ানি, গ্রেপ্তার



আলিপুরদুয়ার: জেলা জুড়ে খাবারের মান যাচাই করার জন্য বুধবার থেকে হোটেল, ধাবা, মিষ্টি ও বিরিয়ানির দোকানগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এ দিনের অভিযানে আলিপুরদুয়ার জেলা শহরে বিরিয়ানি দোকানে রান্নার কাজে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগে পুলিশ এক বিরিয়ানি দোকানের মালিককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সঞ্জয় সরকার। এ ছাড়াও খাবারে রং মেশানো ও ভেজাল করার অভিযোগে পুলিশ শহরের একটি নামকরা হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করেছে।

এ দিনই পুলিশ কালচিনির নিমতি এলাকায় ৩১/সি জাতীয় সড়কের ধারে একটি নামকরা ধাবায় হানা দিয়ে বাসি-পচা মাংস উদ্ধার করে ভাগাড়ে ফেলে দেয়। ওই ধাবা মালিকের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। এ দিন আলিপুরদুয়ার জংশনের পাশে দমনপুর হাট থেকে পুলিশের অভিযান শুরু হয়। অভিযানে পুলিশের সঙ্গে ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

শহরের চৌপথি এলাকায় প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে পুলিশ দেখতে পায়, সেখানে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। চারপাশে পচা দুর্গন্ধ। অপর্যাপ্ত আলো। দেওয়ালে রয়েছে বিস্তর ঝুল। খাবার তৈরির জায়গার ওই অস্বাস্থ্যকর পরিবেশ ১৪ দিনের মধ্যে ঠিক না করা হলে দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, 'রাজ্য সরকারের নির্দেশে খাবারের মান যাচাইয়ে জন্য জেলা জুড়ে হোটেল, ধাবা, বিরিয়ানি ও মিষ্টির দোকানে অভিযান শুরু হয়েছে। এক বিরিয়ানি দোকানের মালিককে গ্রেপ্তার হয়েছেন। খাবারে ভেজাল করা, খাবারে রং মেশানো ও বাসি-পচা মাংস মজুত করার অপরাধে দু'জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।'


Post a Comment

Previous Post Next Post