নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজ়ের আগে ইংল্যান্ডের সুরক্ষা দল পাকিস্তানে, রিপোর্ট জমা দেওয়ার পর সিদ্ধান্ত


গত কয়েক বছর ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও নিরাপত্তা নিয়ে সংশয় এখনও পুরোপুরি কাটেনি। আগামী মাসে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ় হওয়ার কথা। তার আগেই পাকিস্তানে বিশেষ নিরাপত্তা দল পাঠাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)।
সোমবার পাকিস্তানে পৌঁছেছে ইংল্যান্ডের নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল। লাহৌর ও রাওয়ালপিন্ডিতে হবে সিরিজ়ের সব ম্যাচ। তাই ওই দুই মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি ক্রিকেটারদের থাকার হোটেলের নিরাপত্তাও পরীক্ষা করা হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ইংল্যান্ডের নিরাপত্তা বিশেষজ্ঞরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবেন তাঁরা।
সেই রিপোর্টের ভিত্তিতেই পাকিস্তানে গিয়ে ত্রিদেশীয় সিরিজ় খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড বোর্ড। ফলে নিরাপত্তা দলের রিপোর্টের দিকেই এখন নজর ক্রিকেটমহলের।

Post a Comment

Previous Post Next Post