রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন


বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আগে রেজিনগরে নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ল বামফ্রন্টের দুই শরিক। মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আগেই পৃথক প্রার্থী ঘোষণা করেছিল সিপিএম ও আরএসপি। এবার একই দিনে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দিলেন দুই দলের প্রার্থীরা। ফলে রেজিনগরে বাম ঐক্যের ফাটল আরও চওড়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
রেজিনগর আসনে সিপিএমের প্রার্থী পেশায় আইনজীবী সাঈদ আসাদ আলি। অন্যদিকে, আরএসপির প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র। মঙ্গলবার বহরমপুরের জেলাশাসক ভবনে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। দুই শরিকের এই সিদ্ধান্তে উপনির্বাচনে বামেদের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার পর আরএসপি প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র স্পষ্ট জানিয়েছেন, রেজিনগরে প্রার্থী প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। তাঁর দাবি, এই কেন্দ্রে বামপন্থী আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। পাশাপাশি, রেজিনগরে আরএসপির নিজস্ব ভোটব্যাঙ্কও রয়েছে। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে আরএসপিই নির্বাচনে লড়াই করে আসছে বলে দাবি করেন তিনি।
আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে রেজিনগরে সিপিএম ও আরএসপির পৃথক প্রার্থী দেওয়া বামফ্রন্টের নির্বাচনী সমীকরণকে কতটা প্রভাবিত করে, এখন সেটাই দেখার।

Post a Comment

Previous Post Next Post