শালবনি জমি কেলেঙ্কারি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে সঙ্গে নিয়ে কালীঘাটের একটি ফ্ল্যাটে তল্লাশি চালাল সিআইডি। আদালতের নির্দেশে বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন সুমিত। মঙ্গলবার দুপুরে তাঁকে সঙ্গে নিয়েই তদন্তকারীরা ওই ফ্ল্যাটে পৌঁছন।
সূত্রের খবর, ফ্ল্যাটটি সুমিতের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই অবস্থিত ওই আবাসনে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালান তদন্তকারীরা। নতুন কোনও তথ্য বা সূত্রের ভিত্তিতেই এই অভিযান কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
শালবনি জমি মামলায় সোমবার আরও তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি—অমিত ঘোষ, নিত্যানন্দ রায় ও লক্ষ্মীকান্ত ভুঁইয়া। অভিযোগ, ৫০ একরেরও বেশি সরকারি জমির জাল দলিল তৈরি করে বিক্রি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই চক্রে সুমিতের ভূমিকা রয়েছে।
ধৃত অমিতের কাছেও জমি কেলেঙ্কারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অমিত। তাঁর দাবি, গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।