‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য


বাংলা থেকে অসম, এমনকী কেরল—ভিন রাজ্যেও জাল বিস্তার করেছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি! ‘পূর্ব আকাশ’ নামে একটি টেলিগ্রাম চ্যানেলকে ব্যবহার করে সংগঠনের নেটওয়ার্ক তৈরির পাশাপাশি তরুণদের মগজধোলাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই সংক্রান্ত তদন্তে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।
সূত্রের খবর, বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর সঙ্গে এই নেটওয়ার্কের যোগসূত্র রয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। এর পাশাপাশি বাংলাদেশের আরও একটি জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কালিফা’ (IMK)-র সঙ্গেও যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। ‘পূর্ব আকাশ’ নামের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল-সহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
এই সূত্র ধরেই মঙ্গলবার বাংলার অন্তত ছ’টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় NIA। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা শেখ জুম্মান হোসেন ও সাহারুল হক পুরকাইত রয়েছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে পিয়ার মহম্মদ শেখকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকা থেকেও আবদুর রফিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, এই ব্যক্তিদের সঙ্গে জঙ্গি কার্যকলাপের যোগ রয়েছে। অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে সংগঠনের প্রচার, যোগাযোগ এবং নতুন সদস্য তৈরির চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কী ধরনের বার্তা ছড়ানো হত এবং কারা সেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে।
ধৃতদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং যুদ্ধ ঘোষণার চেষ্টা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা-সহ সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের সঙ্গে আরও কারা যুক্ত এবং দেশের অন্য কোনও প্রান্তে এর শাখা রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন।
বাংলার একাধিক জেলায় একসঙ্গে NIA-এর এই অভিযান ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত যত এগোবে, ‘পূর্ব আকাশ’কে কেন্দ্র করে তৈরি হওয়া এই নেটওয়ার্কের পরিধি এবং এর সঙ্গে যুক্ত আরও কোনও ব্যক্তি বা সংগঠনের নাম সামনে আসে কি না, এখন সে দিকেই নজর তদন্তকারীদের।

Post a Comment

Previous Post Next Post