মূর্তি নদীর উপর ২০ কোটি ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন, পুজোর মুখে বন্ধ চা বাগান খোলার বার্তা মুখ্যমন্ত্রীর


নাগরাকাটার সঙ্গে যোগাযোগ আরও সহজ হল জলপাইগুড়ির। মূর্তি নদীর উপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ সফরের মাঝেই জলপাইগুড়িতে গিয়ে সেতুটির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি আরও দু’টি সেতু নির্মাণের কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
গত বছর প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল কালীখোলা সেতু। সেই সেতু পুনর্নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। দ্রুত কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সেতু উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হল। আরও দু’টি ব্রিজ তৈরি করা হচ্ছে। এ ছাড়াও গত বছর প্রাকৃতিক দুর্যোগে কালীখোলা ব্রিজটি ভেঙে গিয়েছিল। সেটির কাজের অনুমোদন দিয়ে গেলাম। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে।”
এ দিন চা শ্রমিকদের নিয়েও একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শুধুমাত্র চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাজ্য ৩৩০ কোটি টাকা অনুদান পেয়েছে। পুজোর মরশুমে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি খোলার বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে চা শ্রমিকদের স্বার্থে বন্ধ বাগানগুলি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উত্তরবঙ্গ সফরে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সফরের মধ্যেই মূর্তি নদীর উপর নতুন সেতুর উদ্বোধনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post