আপনি কি নিরামিষভোজী? অথচ অজান্তেই এমন কোনও টুথপেস্ট, সাবান বা শ্যাম্পু ব্যবহার করছেন, যাতে রয়েছে প্রাণিজ উপাদান? এবার থেকে পণ্য কেনার সময় সেই সংশয় দূর হবে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ বিভিন্ন প্রসাধনী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়কেই উল্লেখ করতে হবে, সংশ্লিষ্ট পণ্যটি নিরামিষ না আমিষ।
এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’-তে সংশোধন এনে এই নিয়ম চালু করা হয়েছে। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা।
নির্দেশিকা অনুযায়ী, প্যাকেটজাত কোনও পণ্যে প্রাণিজ উপাদান রয়েছে কি না, তা বোঝাতে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করতে হবে। নিরামিষ পণ্যের মোড়কে থাকবে সবুজ রঙের বিন্দু। অন্যদিকে, আমিষ পণ্যের ক্ষেত্রে ব্যবহার করতে হবে লাল অথবা বাদামি রঙের বিন্দু।
শুধু চিহ্ন ব্যবহার করলেই হবে না, প্যাকেটের এমন জায়গায় তা রাখতে হবে যাতে ক্রেতা সহজেই চোখে দেখতে পান। ফলে পণ্য কেনার আগে মোড়কের চিহ্ন দেখেই ক্রেতারা বুঝতে পারবেন সেটি তাঁদের খাদ্যাভ্যাস বা ব্যক্তিগত পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
কেন্দ্রের এই পদক্ষেপের ফলে পণ্য কেনার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে নিরামিষভোজী ক্রেতাদের জন্য পণ্যের উপাদান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।