দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে দেশে নেশা মুক্ত ভারত অভিযানের সূচনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। বুধবার বালুরঘাটে সেই কর্মসূচিই পালন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গত চার মাসে যে সব নেশাদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে, সে সবই রোলার চালিয়ে নষ্ট করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছেন, তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। আমরা সরকারে আসার পরে এ রকম প্রচুর নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছি। দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশ বর্ডারে আগে পুলিশ-বিএসএফের মধ্যে কোনও সমন্বয় ছিল না। কারণ, বিএসএফকে শত্রুপক্ষ হিসেবে দেখা হতো। গত চার মাসে যৌথ অভিযানে এই নেশাদ্রব্য উদ্ধার হয়েছে। আজ ২ লক্ষ ফেনসিডিল ধ্বংস করলাম। এটা প্রতীকী।’ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যাঁরা নেশাদ্রব্যের কারবারে জড়িত থাকবেন, তাঁদের আইন মেনে বছরের পর বছর জেলে থাকতে হবে।
বুধবার বালুরঘাটে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুরে তাঁর সুকান্তের বাড়িতে যাওয়ার কথা। সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। পরে বালুরঘাট বিমানবন্দরের কাজ পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।