প্যাচওয়ার্কের পরেও বৃষ্টিতে বেহাল রাস্তা, উদ্বেগে পুর কর্তৃপক্ষ


গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে কলকাতার রাস্তার হাল আরও বেহাল হয়ে উঠছে। এদিকে পুজোর আগে ১০ অক্টোবরের মধ্যে কলকাতার সমস্ত রাস্তা সারাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টিতে মেরামত করা রাস্তায় ফের গর্ত দেখা যাচ্ছে। যা নিয়ে চিন্তায় পুরসভার সড়ক বিভাগের আধিকারিকরা।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ শহরের খারাপ রাস্তার একটি তালিকা পুরসভাকে দিয়েছিল। সেই তালিকা ধরে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ শুরু করে কলকাতা পুরসভা। পুজোর আগে শহরের ৭৬টি রাস্তায় মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেপ্টেম্বর মাসের গোড়ায় পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছিলেন, ৩১টি রাস্তা সারাইয়ের কাজ সেরে ফেলা হয়েছে। বাকি ছিল ৪৫টি রাস্তা।

পুরসভার সড়ক বিভাগের আধিকারিকদের আশঙ্কা, এই আবহাওয়ায় যদি প্যাচওয়ার্কের কাজ হয়ও, তা হলে ফের একই পরিস্থিতি হতে পারে। কলকাতা থেকে পাকাপাকি ভাবে বর্ষার বিদায় নিতে নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে। তা হলে ১০ অক্টোবরের মধ্য কলকাতার সমস্ত রাস্তা সারাইয়ের কাজ শেষ হবে কী ভাবে? রীতিমতো উদ্বেগে রয়েছেন সড়ক বিভাগের আধিকারিকরা। এ ভাবে কাজ করলে একটি রাস্তা সারাইয়ে খরচের পরিমাণও বেড়ে যায় বলে জানিয়েছেন তাঁরা। তবে পুরসভার সড়ক বিভাগের এক শীর্ষ আধিকারিক জানান, বৃষ্টি না থামলেও এর মধ্যেই কাজে হাত দিতে হবে। কিন্তু বৃষ্টির গতি–প্রকৃতি বুঝতে আরও দিন তিনেক অপেক্ষা করতে হবে। তারপরে শুরু হবে প্যাচওয়ার্কের কাজ। পুজোর মরশুমে রাস্তায় নজর থাকবে। যেখানে পিচ উঠে যাবে, সেখানে লোক পাঠিয়ে রাস্তা সারাই করা হবে।

Post a Comment

Previous Post Next Post