‘মিলনকে উপনির্বাচনে লড়তে দিন, অন্তর্বর্তী জামিন দিচ্ছি’! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর মামলায় বলল হাই কোর্ট


উপনির্বাচনের মুখে স্বস্তি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার হওয়া মিলনের জামিনের আবেদনের শুনানিতে বৃহস্পতিবার তাঁকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথা জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রাথমিক পর্যবেক্ষণ, ‘‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।’’
বিচারপতি জানান, আপাতত মিলনকে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে পরবর্তী সময়ে মামলার গতিপ্রকৃতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার বিকেল ৪টেয়।
বুধবারই জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা জানান, আসন্ন উপনির্বাচনে তিনি প্রার্থী। জামিনের আবেদনের শুনানি সম্পূর্ণ হতে সময় লাগতে পারে। তাই দ্রুত মামলা দায়ের করে শুনানির আবেদন জানানো হয়। আইনজীবীদের বক্তব্য শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ঘোষ।
গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল মিলনকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে। খুন, খুনের চেষ্টা, বেআইনি ভাবে জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগ রয়েছে সেই মামলাগুলিতে।
যদিও মিলনের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই পুরনো মামলাকে সামনে এনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই পরিস্থিতিতে হাই কোর্টের অন্তর্বর্তী জামিনের নির্দেশ নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

Post a Comment

Previous Post Next Post