‘ক্রিমিনাল’ জ্ঞানেশের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের মহুয়ার! এ ভাবে এফআইআর হয় না, জানাল পুলিশ


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে এফআইআর দায়ের করে জ্ঞানেশকে তদন্তের আওতায় আনার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ জানানোর পরেই অবশ্য পুলিশ জানিয়ে দেয়, এই ভাবে সরাসরি এফআইআর দায়ের করা সম্ভব নয়।
থানায় অভিযোগ জানানোর পর একটি ভিডিয়োবার্তায় মহুয়া বলেন, তাঁকে ২০২৩ সালের আইনের ১৬ নম্বর ধারার কথা জানানো হয়েছে। তাঁর দাবি, ওই আইনে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে। ফলে তাঁদের বিরুদ্ধে সরাসরি পুলিশি পদক্ষেপ করা যায় না বলে থানার তরফে তাঁকে জানানো হয়েছে।
মহুয়ার অভিযোগ, ‘‘মুখ্য নির্বাচন কমিশনার একজন ক্রিমিনাল।’’ তাঁর দাবি, নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী লিখিত ভাবে জ্ঞানেশের সিদ্ধান্তকে ‘অবৈধ’ এবং ‘বেআইনি’ বলে আপত্তি জানিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁদের আপত্তি উপেক্ষা করে জ্ঞানেশ সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেন কৃষ্ণনগরের সাংসদ।
মহুয়ার দাবি, এই কারণেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হওয়া প্রয়োজন। তবে থানার তরফে আপাতত তাঁর অভিযোগের ভিত্তিতে সরাসরি এফআইআর দায়ের করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post