বিতর্কে অজয় দেবগনের জুহুর বাংলো! সালোঁ-স্পা তৈরির কাজ থামাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন


অভিনেতা অজয় দেবগনের মুম্বইয়ের জুহুর বাংলোকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৭,৮০২ বর্গফুটের ওই বাংলোয় সালোঁ ও স্পা তৈরির কাজ চলছিল। কিন্তু সেই নির্মাণকাজে আপত্তি জানিয়ে এ বার ‘স্টপ-ওয়ার্ক’ নোটিস জারি করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। বাংলোটি যে আবাসন সমিতির এলাকায় অবস্থিত, তাদের অভিযোগের ভিত্তিতেই পুরসভার কে-ওয়েস্ট ওয়ার্ডের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।
স্থানীয় কর্পোরেটর সুধা সিংহ জানিয়েছেন, বিএমসির ‘বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিপার্টমেন্ট’-এর আধিকারিকেরা ওই সম্পত্তি পরিদর্শন করেন। তাঁদের নজরে আসে, প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত নথি সেখানে পেশ করা হয়নি। এর পর সম্পত্তির মালিকদের কাছে সংশ্লিষ্ট অনুমতিপত্র ও প্রয়োজনীয় নথি চাওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত নথি জমা না পড়ায় শেষ পর্যন্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় পুরসভা। সেই অনুযায়ী ‘স্টপ-ওয়ার্ক’ নোটিস জারি করা হয়েছে। জানা গিয়েছে, নোটিসের জবাব দেওয়ার জন্য দেবগন পরিবারের তরফে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।
তবে এই বিতর্কের কেন্দ্রে শুধু নির্মাণকাজ নয়, মূলত ওই বাংলোটির প্রস্তাবিত ব্যবহার। আবাসন সমিতির আপত্তি সম্পত্তিটি লিজ়ে দেওয়া নিয়ে নয়। বরং আবাসিক এলাকার ওই সম্পত্তিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করার প্রস্তাব নিয়েই তাঁদের আপত্তি বলে জানা গিয়েছে।
অর্থাৎ, অজয় দেবগনের বাংলোয় সালোঁ ও স্পা তৈরির কাজ শেষ পর্যন্ত কী ভাবে এগোয়, তা এখন নির্ভর করছে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র জমা দেওয়ার উপর। বিএমসির নোটিসের জবাব দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।

Post a Comment

Previous Post Next Post