নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা



কলকাতা: পুজোর আগে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়ার মেজাজ। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য অংশে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে যেতে পারে।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি বেশি?

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া—এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এক-দু'জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রপাত-সহ ঝড় এবং দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু'জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপরও বৃষ্টি একেবারে বিদায় নিচ্ছে না। ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গে আরও বেশি নজর

দক্ষিণবঙ্গের তুলনায় আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং—এই জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু'জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ওই দুই জেলায় বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

১৩ সেপ্টেম্বর ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু'জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৬ ও ১৭ সেপ্টেম্বরও উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে এক-দু'জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই কোথায় কত বৃষ্টি?

গত ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে নলহাটি, কেতুগ্রাম ও কাঁথি-তে প্রায় ৭ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও মালদহে প্রায় ৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কোচবিহারে প্রায় ৬ সেন্টিমিটার এবং জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ৫-৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির খবর রয়েছে।

ফলে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post