আইপিএলের আগামী মরসুমে নতুন কোচের দায়িত্বে দেখা যাবে ভারতের প্রাক্তন পেসার জ়াহির খানকে। সোমবার জ়াহিরকে দলের প্রধান কোচ হিসাবে ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে জানা গিয়েছে, জ়াহিরই প্রথম পছন্দ ছিলেন না ধোনিদের। তাঁর আগে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অইন মরগ্যানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল চেন্নাই।
শুধু সিএসকেই নয়, আইপিএলের আরও একটি দল মরগ্যানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু দু’টি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ জেতানো অধিনায়ক। আপাতত ধারাভাষ্যকার হিসাবেই কাজ করতে চান মরগ্যান।
এ দিকে, স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসাবে জ়াহিরকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। সিএসকের মুখ্য কর্তা কাশী বিশ্বনাথন জানিয়েছেন, জ়াহিরকে বেছে নেওয়ার ক্ষেত্রে ধোনির মতামতই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর বক্তব্য, ধোনিই জ়াহিরকে এই পদের জন্য বেছে নেন। দলের ক্রিকেট পরিচালন সমিতির সদস্যরাও সেই সিদ্ধান্তে সম্মতি দেন।
ফ্লেমিংয়ের উত্তরসূরি খোঁজার দায়িত্ব ধোনির উপরেই দেওয়া হয়েছিল। আমেরিকা থেকে ফেরার পর একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি। পরে দলের মালিকদের সঙ্গেও আলোচনা হয়। শেষ দু’দিনের আলোচনার পর জ়াহিরের নাম চূড়ান্ত করা হয়।
সিএসকে এমন একজন ভারতীয় কোচ চাইছিল, যাঁর মূল দায়িত্ব থাকবে আইপিএল ঘিরেই। বিশ্বের অন্য কোনও টি-টোয়েন্টি দলের সঙ্গে তাঁর কোচিং চুক্তি থাকবে না। সেই দিক থেকে জ়াহিরকে উপযুক্ত মনে হয়েছে চেন্নাইয়ের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
জ়াহির বর্তমানে ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগের দল অ্যান্টোয়ার্প অ্যাঙ্কর্সের সহ-মালিক। তবে বিশ্বের অন্য কোনও টি-টোয়েন্টি দলের সঙ্গে তাঁর কোচিংয়ের সম্পর্ক নেই। ফলে চেন্নাইয়ের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সময় দেওয়ার সুযোগ থাকবে তাঁর। এখন দেখার, ফ্লেমিং-পরবর্তী যুগে জ়াহিরের হাত ধরে সিএসকে কতটা সাফল্য পায়।